05/01/2026
"কন্যাকে নিয়ে কন্যাম"
আজকের পর্বে জানাবো শ্রী অন্তুর হোটেল সম্পর্কিত তথ্য। আগের পর্বেই বলেছিলাম যে শ্রী অন্তুতে হোটেল নিয়ে হয়েছিল এক কাণ্ড, আজকে শোনাবো সেই গল্প।
শ্রী অন্তু সম্পর্কে নেট ঘেঁটে যেটুকু জেনেছিলাম তা হলো এখানে খুব সুন্দর একটি লেক রয়েছে এবং এই লেককে কেন্দ্র করেই মূল আকর্ষণ। এছাড়া এখান থেকে খুবই সামান্য কিছুটা পথ ট্রেক করলেই পৌঁছে যাওয়া যায় সূর্যোদয় দর্শন পয়েন্টে, যেখান থেকে অসাধারণ মুহূর্তের সাক্ষী হওয়া যায় ঠিক আমাদের দার্জিলিংয়ের টাইগার হিলের মতো।
শ্রী অন্তু যেহেতু এখনো ভ্রমনপ্রেমীদের কাছে সেরকমভাবে পরিচিতি হয়ে উঠতে পারেনি তাই খুবই স্বল্প তথ্য এর সম্পর্কে পাওয়া গিয়েছিল। হোটেলের সংখ্যাও এখানে কম সংখ্যকই বলা চলে। নেট থেকেই জেনেছিলাম এখানকার হোটেল PARADISE THE RESORT সম্পর্কে। এই হোটেলটির বেশ নামডাকও রয়েছে। সব ধরনেরই রুম এখানে উপলব্ধ তবে একটু কস্টলি, সেই মত আমাদের জন্য একটি রুম আগে থেকেই হোয়াটস অ্যাপের মাধ্যমে বুকিং করে রেখেছিলাম।
হোটেল PARADISE THE RESORT এ পৌঁছে দেখলাম এটি লেক থেকে অনেক দূরে এবং উপরের দিকে। কিন্তু ভালো ব্যাপার হলো সানরাইস পয়েন্ট যাওয়ার জন্য যেখান থেকে হাঁটা শুরু হয় এটি সেখানেই অবস্থিত এবং হোটেলের অবস্থান জঙ্গলের মধ্যে চারপাশটা বড় বড় গাছগাছালিতে ঘেরা। কিন্তু আমাদের ভাবনা যেহেতু ছিল লেককে কেন্দ্র করে, তার চারপাশে হেঁটে বেড়ানো তাই আমরা এই হোটেলটিতে থাকার পরিকল্পনা বাতিল করে চললাম লেকের দিকের হোটেল খুঁজতে। তবে এইটুকু সময় হোটেল সম্পর্কে যেটুকু অভিজ্ঞতা হয়েছিল তা হলো এর রুমগুলির সাইজ বেশ অনেকটাই ছোট হলেও এদের ব্যবহার বা আন্তরিকতা যথেষ্ট ভালো।
এবার লেকের সামনে পৌঁছে পরলাম আর এক বিড়ম্বনায়। এখানে যে দুটি হোটেল দেখলাম তার ভাড়াও যেমন বেশি, রুম বা বাথরুমের অবস্থা কল্পনাতীত। একপ্রকার কোনো মেইনটেনেন্স নেই বললেই চলে। তুলনামূলক যে হোটেলটি ভালো লাগলো সেটি আবার ফুলবুকড। এখানে কোথাও থাকলে লেকটি হয়তো ভালো করেই ঘোরা যাবে কিন্তু সানরাইজ ভিউ পয়েন্ট যাওয়ার পরিকল্পনা বাতিল করতে হবে কারণ সেটি বহু দূরে। এখন সমস্যা হলো আগের হোটেলটির বুকিং ক্যানসেল করে দিয়েছি, এগুলোও তথৈবচ, তাহলে থাকবো কোথায় ?
অবশেষে হাল ধরলেন ড্রাইভার ভাই, বললেন উপরের দিকে থাকাই বেশি ভালো হবে, কাল ফেরার পথে বরং লেক ঘুরে নেবেন। ওনার চেনা জানা একটি হোটেল আছে, ওটি পছন্দ না হলে আগের বাতিল করা হোটেলটিতে থাকতে হবে। অগত্যা সে পথেই আবার ফিরে চললাম।
ওই একই পথ দিয়ে ফিরে এসে উঠলাম HOTEL KHADKA COTTAGE-এ। একদম সানরাইজ পয়েন্টে হাঁটা শুরু করার মুখেই এটির অবস্থান, রুমগুলিও উপযুক্ত এবং সামনেই দিগন্ত বিস্তৃত ভিউ। একবার দেখাতেই পছন্দ হয়ে গেল এবং আর কালবিলম্ব না করে এখানেই রাত্রিযাপনের সিদ্ধান্ত নিয়ে ফেললাম।
এদিক ওদিক হোটেল খুঁজতে খুঁজতে পেটে তখন ছুঁচোদের প্রতিবাদ সভা তুঙ্গে ; খাবারের অর্ডার দিয়ে ফ্রেস হতে হতে খাবার রেডি। টেবিলে ইয়া বড় আয়োজন শুধুমাত্র আমাদের সোয়া দুজনের জন্য - আমার, ওনার আর তুতুবাচ্চার। খাবারের স্বাদ সত্যি অতুলনীয়। সন্ধ্যার পকোড়া, রাতের চিকেন রুটি ডিনার এবং সকালের পুরি সবজি ব্রেকফাস্ট সবই পারফেক্ট। সাথে মাঝে মাঝে চায়ের কথা আর নতুন করে কি বলবো।
আগেই বলেছি শ্রী অন্তুতে খরচ তুলনামূলক সামান্য বেশি। এখানে আমরা ছিলাম ভারতীয় টাকায় 1500 টাকার রুমে। পরিষ্কার পরিচ্ছন্ন, ঝকঝকে রুমের সাথে ভালো খাবারের স্বাদের মেলবন্ধন ও আতিথেয়তা HOTEL KHADKA COTTAGE -এর USP।
আমি নিচে আমাদের আগে থেকে বুকিং করা কিন্তু পরবর্তীতে বাতিল করা PARADISE THE RESORT এর পাশাপাশি আমাদের রাত্রিবাস করা HOTEL KHADKA COTTAGE - দুটি হোটেলেরই যোগাযোগ নম্বর দিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার্থে ....
PARADISE THE RESORT : +977 9844669378
+977 9800905355
HOTEL KHADKA COTTAGE : +977 N/A