15/08/2026
✍️ Barish Dhara
স্বাধীনতা বলতে আমি শ্লীলতা, সাহস, সন্মান, প্রতিশ্রুতি বুঝি। যাতে দেশ তথা দেশের প্রতিটা মানুষের একে অপরকে রক্ষা করা একমাত্র উদ্যেশ্য আর এই বোধের দায়িত্ব একদম অলিখিত, কারণ যা লিপিবদ্ধ মনুষ্যকূল বিরুদ্ধ পথ নির্বাচন করবেন নাকি বিরত থাকবেন - তা পালনের নিশ্চয়তা রাষ্ট্র কেন স্বয়ং ঈশ্বরও দিতে পারেন না।
রামায়ণ থেকে যদি সব মানুষ শিক্ষা গ্রহণ করে ফেলতো তাহলে হয়তো মহাভারত লেখার আর প্রয়োজনই হতো না কোনোদিন! তেমনই আমার দেশের সংবিধানে যা লেখা আছে তা পালন কর্তব্য হলেও অনিবার্য নয় বলে আমরা মনুষ্যত্ব ভুলে, ইতিহাস ভুলে কাটাই বছরের বাকি ৩৬০ দিন।
স্বাধীনতা আমার কাছে সেই জিনিস যা নারী পুরুষ নির্বিশেষে মানুষ হিসেবে আমার বাহ্যিক ও অভ্যন্তরীণ - সার্বিক সম্ভ্রম রক্ষার পারিপার্শ্বিক নিশ্চয়তা দেয়।
স্বাধীনতা আমার কাছে সেই জিনিস যা জনসমক্ষে সত্যবাদী চরিত্র প্রমাণের উদ্দেশ্যে নয় একান্ত যাপনেও সত্যিকারের মানুষ হয়ে ওঠার দৈনিক পরিচর্যায় সেই সাহসের নগণ্য একটি বিন্দু তৈরী করবে যা সিন্ধুতে জমায়েত হয়ে মিলিত সর্বশক্তিমানের তিল পরিমান অংশীদার হয়েও স্বার্থকতা পাবে।
স্বাধীনতা আমার কাছে সেই জিনিস যা সমাজের যে কোনো শ্রেণীর মানুষকে শ্রেণী বিন্যাসের তারতম্য না করে শুধুমাত্র মানুষ হিসেবেই আন্তরিক সন্মান করবে।
স্বাধীনতা আমার কাছে সেই জিনিস যা বর্ণিত বা লিখিত নয়। বরং পারিবারিক পরম্পরায় চর্চিত গোপন অভ্যেস যা নিজেকে দৈনিক প্রতিশ্রুতি পালনের উদ্দীপনায় অটুট থাকবে।
অন্য কারোর তৈরী করে দেওয়া বিধিবিহিত নিয়ম নয়, আত্মনিয়ন্ত্রণই আসল স্বাধীনতা। যেখানে রোজ হাঁসের মত দুধে জল মিশে থাকলেও দুধটুকুকে আহরণ করতে হয়। সব কিছুর ভালো দেখতে হয়, ভালো ভাবতে হয়, ভালো বলতে হয়, তবে তো ভালো তে বাস করা হয়! আর যদি অন্যের ভালো কাজ, ভালো কথা, ভালো উদ্যেশ্য আপনার অনুভূতিতে অবগত না হয় তবে জানবেন আপনি তো এখনও নিজের অনুভূতির কাছেই নিজে স্বাধীন হতে পারেননি!
লেখাটুকু পড়ার শেষে আয়নায় নিজেকে ভালো করে দেখে বোঝার চেষ্টা করুন আপনি নিজে কি আসলেই স্বাধীন? আপন রিপু ও আবেগের নিয়ন্ত্রণ না থাকাটাই তো পরাধীনতা। আপনার এগুলোর নিয়ন্ত্রক হবার অনুশীলন শুরু করুন,আগে ভালো মানুষ হন, নিজেই বুঝবেন স্বাধীন মানুষ হওয়াটা কিন্তু খুব সহজ নয়। অমার্জিত-ত্রুটিপূর্ণ মানুষ থেকে স্বচ্ছ-পরিপূর্ণ মানুষ হওয়ার স্বাধীনতা সকলের বিবেক ও আচরণে আলোকিত হোক। শুভেচ্ছা রইলো স্বাধীনতার 🙏