04/09/2022
আমি তখন পিচ্চি ভীষন, ছোট্ট একটা পরী,
আব্বু আমায় আদর করে ডেকে বলতো “বুড়ি”।
আমি তখন ছোট্ট ভীষন, ঢাউস ঢাউস লেখা,
নামতা খাতার ফাঁকফোকরে মিকিমাউস আঁকা।
আমি তখন দুষ্ট ভীষন, মিনি একশন বাঁদর,
আম্মু আমায় মারতো অনেক, আব্বু দিতো আদর।
আমি তখন আলসে ভীষন, সক্কাল সক্কাল স্কুল,
আব্বু আমায় টেনে তুলে বেঁধে দিতো চুল।
সেই আমি এই আমিই আছি, পেরিয়ে গেছে বছর,
স্বপ্নরঙা দিনগুলো আজ বিবর্ন- রঙ- ধূসর।
আমার হাতে মাউস এখন, তুলির জায়গা কই?
মোবাইল এখন বন্ধু আমার, ফেসবুক আমার সই।
ইচ্ছে এখন তীব্র ভীষন, একটা জাদুর ছড়ি চাই।
জাদুর ছড়ির মন্ত্রবলে পিচ্চি পরীর দেশে যাই,
সেথায় থাকবে বিশাল আকাশ, সবুজ ঘাসের মাঠ,
সেই মাঠের বুকে বৌছি খেলে কাঁটিয়ে দেবো সাঁঝ।