05/07/2026
সঠিক পথের দিশারীর উদ্যোগে রাজ্যস্তরের সেমিনার অনুষ্ঠিত
"আসামের বৈচিত্র্যময় সমাজ ও অভিন্ন দেওয়ানী বিধি (UCC): বাস্তবতা ও প্রাসঙ্গিকতা" শীর্ষক আলোচনায় বিশিষ্টজনদের অংশগ্রহণ
হাইলাকান্দি, ৪ জুলাই: সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং সমসাময়িক জাতীয় গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে গঠনমূলক আলোচনা ও জনমত গড়ে তোলার লক্ষ্যে সামাজিক সংগঠন 'সঠিক পথের দিশারী'-এর উদ্যোগে শনিবার হাইলাকান্দি টাউনস্থিত মাইনোরিটি কমিউনিটি হলে "আসামের বৈচিত্র্যময় সমাজ ও অভিন্ন দেওয়ানী বিধি (UCC): বাস্তবতা ও করণীয়" শীর্ষক এক রাজ্যস্তরের সেমিনার অনুষ্ঠিত হয়। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আগত বিশিষ্ট আইনজীবী, শিক্ষাবিদ, ইসলামী চিন্তাবিদ, গবেষক, সমাজকর্মী, ছাত্র-ছাত্রী ও সচেতন নাগরিকদের উপস্থিতিতে সেমিনারটি এক তাৎপর্যপূর্ণ আলোচনামঞ্চে পরিণত হয়।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন এস. এস. কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক জনাব আলি হায়দর লস্কর। সভাপতির বক্তব্যে তিনি আসামের বহুত্ববাদী সমাজব্যবস্থা, সাংবিধানিক মূল্যবোধ এবং পারস্পরিক সম্প্রীতি রক্ষার গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, যেকোনো গুরুত্বপূর্ণ আইন প্রণয়নের ক্ষেত্রে দেশের বৈচিত্র্যময় সামাজিক বাস্তবতা ও জনগণের মতামতকে যথাযথ গুরুত্ব দেওয়া উচিত।
সেমিনারের প্রধান বক্তা হাফিয রশিদ আহমেদ চৌধুরী, সিনিয়র অ্যাডভোকেট, গুয়াহাটি হাইকোর্ট, তাঁর বক্তব্যে বলেন, "আমরা সংবিধানের পক্ষে, আর সংবিধান আমাদের পক্ষে।" তিনি বলেন, অভিন্ন দেওয়ানী বিধি প্রবর্তনের মাধ্যমে আসামের বৈচিত্র্যময় সামাজিক ও সাংস্কৃতিক পরিবেশের ভারসাম্য রক্ষা হবে না বলে তাঁর মত। তিনি সরকারের প্রতি এই বিল প্রত্যাহারের আবেদন জানান। একই সঙ্গে তিনি বলেন, যদি এই বিষয়ে প্রয়োজন হয়, তবে সংবিধানসম্মত ও আইনি পদ্ধতিতেই আন্দোলন গড়ে তোলা হবে এবং বিষয়টি নিয়ে সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হওয়ার পথও বিবেচনা করা হবে।
সেমিনারে আসামের বহুত্ববাদী সমাজে UCC-এর সম্ভাব্য প্রভাব নিয়ে তাৎপর্যপূর্ণ বক্তব্য রাখেন উত্তর-পূর্বাঞ্চল আহলে সুন্নাত ওয়াল জামাতের মুখ্য উপদেষ্টা হজরত মাওলানা সাহেব কিবলা আল্লামা সারিমুল হক বাস্টেন্ডি, 'সঠিক পথের দিশারী'-এর জেনারেল সেক্রেটারি জনাব শরিফ আহমেদ লস্কর, আহলে সুন্নাত ওয়াল জামাতের কেন্দ্রীয় জেনারেল সেক্রেটারি সাইয়েদ হিফজুর রাহমান মিশকাত, ড. বদরুল হক খান, আইনজীবী আব্দুস সবুর তাপাদার, অধ্যাপক হিলাল উদ্দিন লস্কর, ড. সালমান চৌধুরী, আইনজীবী আবু ইউসুফ চৌধুরী, আইনজীবী মমতাজ বেগম, মাওলানা আতাউর রহমান মাঝারভূইয়া, মুফতি আয়ুব আলী লস্কর, মাওলানা মুফতি আসাদ নোমানিসহ আরও অনেক বিশিষ্ট ব্যক্তি।
বক্তারা তাঁদের বক্তব্যে আসামের সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় বৈচিত্র্যের প্রেক্ষাপটে অভিন্ন দেওয়ানী বিধির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। তাঁরা সংবিধানসম্মত অধিকার, ধর্মীয় স্বাধীনতা, সামাজিক সম্প্রীতি এবং গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি দেশের আইন ও সংবিধানের কাঠামোর মধ্যে থেকেই জনগণের মতামত তুলে ধরা এবং শান্তিপূর্ণ ও আইনি উপায়ে নিজেদের অবস্থান ব্যক্ত করার আহ্বান জানান।
অনুষ্ঠানে বিভিন্ন জেলা থেকে আগত প্রতিনিধিরা সক্রিয়ভাবে আলোচনায় অংশগ্রহণ করেন। হিসেবে পরিণত হয়।
সেমিনার শেষে সিনিয়র অ্যাডভোকেট হাফিয রশিদ আহমেদ চৌধুরী আয়োজক মণ্ডলী এবং বিভিন্ন ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দকে নিয়ে এক সাংবাদিক সম্মেলনে অংশগ্রহণ করেন। সেখানে তিনি পুনরায় সংবিধান রক্ষার গুরুত্বের ওপর জোর দিয়ে বলেন যে, দেশের সংবিধানের প্রতি পূর্ণ আস্থা রেখেই সব ধরনের গণতান্ত্রিক ও আইনসম্মত পদক্ষেপ গ্রহণ করা হবে।
অনুষ্ঠানের শেষ পর্বে আয়োজকদের পক্ষ থেকে উপস্থিত সকল অতিথি, বক্তা, প্রতিনিধি, সংবাদমাধ্যমের কর্মী এবং অনুষ্ঠানের সফল আয়োজনে সহযোগিতাকারী সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। ধন্যবাদজ্ঞাপনের মাধ্যমে দিনব্যাপী এই রাজ্যস্তরের সেমিনারের সফল সমাপ্তি ঘোষণা করা হয়।
প্রতিবেদক- মাওলানা বিলাল আহমেদ চৌধুরী, বাহারদুরপুর,হাইলাকান্দি।