11/05/2022
ব্রেকিং নিউজ
এক পরিবার এক টিকিট
পরিবারতন্ত্রের অপবাদ ঘোচাতে ঐতিহাসিক পদক্ষেপ কংগ্রেসের
জন্মলগ্ন থেকেই পরিবারতন্ত্রের ছায়া তাড়িয়ে ফিরছে কংগ্রেস দলকে। বিশেষ করে বিজেপি এবং বর্তমান প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী প্রত্যেক লোকসভার অধিবেশনের বিতর্কে অংশ নিয়ে নিয়ম করে কংগ্রেসকে পরিবারতান্ত্রিক দল বলে তোপ দাগেন।
সেই তকমা মুছতে এবার ঐতিহাসিক পদক্ষেপ করছে শতাব্দী প্রাচীন কংগ্রেস পার্টি। দলটির তরফে সাফ ঘোষণা করা হয়েছে, এবার থেকে নির্বাচনে এক পরিবার এক টিকিট – এই ফর্মূলা মেনে চলা হবে। অর্থাৎ আগামী ২০২৪ লোকসভা নির্বাচনে হয় সোনিয়া অথবা রাহুল কংগ্রেস দল থেকে প্রার্থী হতে পারবেন। খোদ গান্ধী পরিবারের ক্ষেত্রেও নতুন এই ফর্মূলা প্রয়োগ হবে।
বিশেষজ্ঞরা বলছেন, এ যেন সদর দফতরে কামান দাগলেন কংগ্রেসের হাইকমান্ড সোনিয়া গান্ধী।
উল্লেখ্য, আগামী ১৩ থেকে ১৫ মে রাজস্থানের উদয়পুরে বসছে কংগ্রেসের বিশেষ অধিবেশন বা চিন্তন শিবির। তার আগে কংগ্রেসের অন্তর্বর্তী সভাপতি সোনিয়া গান্ধী সোমবার আত্মসমালোচনার সুরে বক্তব্য রাখেন দলীয় নেতাদের উদ্দেশে। কংগ্রেসকে বরাবরই পরিবারতন্ত্র নিয়ে বিঁধে চলেছে বিজেপি। কংগ্রেসের অন্দরেও এই বিষয়ে চাপা ক্ষোভ বা অসন্তোষ রয়েছে। এই আবহে এবার ব্যতিক্রমী পদক্ষেপ করতে চলেছে দেশের প্রধান বিরোধী দল কংগ্রেস।
জানা গিয়েছে, উদয়পুরে চিন্তন শিবিরের আগেই বড় ধরনের পরিবর্তনের প্রস্তুতি নিয়েছে কংগ্রেস। সোমবার অনুষ্ঠিত কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়, একটি পরিবার থেকে কেবল একজনকেই টিকিট দেওয়া হবে। একটি গুরুত্বপূর্ণ পদে থাকার পরে তিন বছরের ‘কুলিং-অফ’ পিরিয়ডে থাকতে হবে। পাশাপাশি বহু প্যানেল কমানো হবে।
কংগ্রেস সূত্র বলছে, হাইকমান্ডকে পরামর্শ দেওয়া হয়েছিল রাজ্য সভাপতি, জেলা সভাপতি বা জাতীয় কার্যনির্বাহী সহ নেতাদের এককালীন মেয়াদ শেষ হওয়ার পরে তিন বছরের জন্য পদের বাইরে রাখা উচিত। সেই প্রস্তাব পরামর্শ মতোই কংগ্রেস পদক্ষেপ করতে চলেছে।
যার মধ্যে সবথেকে উল্লেখযোগ্য হল, এক পরিবার এক টিকিট ফর্মূলা বা নীতির ব্যাপারে সম্মত হয়েছে দলের শীর্ষ নেতৃত্ব। দল বিশ্বাস করে, এর মাধ্যমে বিজেপির ‘পরিবারতন্ত্রের’ অভিযোগের জবাব দিতে সক্ষম হবে তারা। এদিন কংগ্রেসের অন্তর্বর্তী সভানেত্রী জানান, উদয়পুরে চিন্তন শিবিরে প্রায় ৪০০ কংগ্রেসকর্মী অংশগ্রহণ করবেন।