15/08/2024
আর কত রক্ত চাই?
শহীদ আবু সাঈদ শুধু একজন বীর নন, তিনি বাঙালি জাতির আবেগের প্রতীক। তিনি আবারও প্রমাণ করেছেন যে এই জাতিকে দাবিয়ে রাখা যায় না।
এই নতুন বাংলাদেশের জন্য কত রক্ত দিতে হলো, কত মায়ের বুক খালি হলো! সেই শহীদ বীরদের আত্মার মাগফিরাত কামনা করে কিছু কথা বলতে চাই। আমি একজন সাধারণ মানুষ, অতি সাধারণ। আমার এই লেখাটা হয়তো ২০ জনও পড়বে না, কারণ আমার ফেসবুকের বন্ধু সংখ্যা খুব কম। বিবেকের তাড়নায় লিখতে ইচ্ছে হচ্ছে, তাই লিখছি।
অভিনন্দন ড. মোহাম্মদ ইউনুস এবং তার পরিষদের সকল সদস্যকে। দেশের এই ক্রান্তিলগ্নে ড. মোহাম্মদ ইউনুসের কোনো বিকল্প ছিল না। তার লক্ষ্য রাষ্ট্র ব্যবস্থার সংস্কারের মাধ্যমে গণতন্ত্রের পথ সুগম করা। দেশবাসী চাতক পাখির দৃষ্টিতে তাকিয়ে আছে এবং বুকভরা আশা নিয়ে ভাবছে, তিনি আমাদের শেষ ভরসা। গত ৫৩ বছরে যা অর্জিত হয়নি, তা নিশ্চয়ই এই নোবেল বিজয়ীর হাত ধরে অর্জিত হবে। এখন শুধু অপেক্ষার পালা।
গত ১৬ বছরে শাসক দল যা করেছে, আগামীতে যারা রাষ্ট্রক্ষমতায় অধিষ্ঠিত হবেন, তারা যদি আওয়ামী শাসক গোষ্ঠীর আচরণের পুনরাবৃত্তি করেন, তবে তা হবে জাতির দুর্ভাগ্য। বিগত শাসক গোষ্ঠীর প্রধানমন্ত্রী এবং তার তোষামোদিপ্রবণ মন্ত্রিপরিষদের মুখে যেমন কোনো লাগাম ছিল না, তেমনই মন্ত্রী হওয়ার যোগ্যতাও ছিল না ২/১ জন ব্যতীত। যা ইচ্ছা তাই বলত, ভাবত জনগণ বোকা—যা বলবে তা-ই বিশ্বাস করবে। এর সাথে ছিল অহংকার। যে কোনো বক্তব্যে জাতির জনককে টেনে এনে উন্নয়নের কথা বলেই বৃহত্তম বিরোধী দলের দুর্নাম শুরু করত। বিরোধী দলকে এত অবমূল্যায়ন করত যা ছিল তাদের পতনের অনেকগুলো কারণের একটি। তারা ভুলে গিয়েছিল যে বিএনপি একটি জনপ্রিয় দল। অহংকার, ধৃষ্টতা, এবং অতি আত্মবিশ্বাসে তারা আল্লাহকেও ভুলে গিয়েছিল। আমার মানতে কষ্ট হয়, জাতির জনকের কন্যা উনি কী করলেন? আমাদের মতো সাধারণ মানুষ যা বুঝতে পেরেছে, উনি তা পারেননি? কেন পারেননি? উনার আশেপাশে থাকা তোষামোদিপ্রবণ কিছু নেতা এবং মিডিয়া ব্যক্তিত্বের বড় একটি অংশ এর কারণ।
উনি এত উন্নয়ন করতে পারলেন, কিন্তু দুর্নীতি বন্ধ করতে পারলেন না, নাকি উনি দুর্নীতি বন্ধ করতে চাননি? উনার জানা থাকার কথা, বাঙালিকে অন্যায়ভাবে দমিয়ে রাখা যায় না, কেননা বঙ্গবন্ধু অনেকবার এই শব্দটি ব্যবহার করেছেন।
মুক্তিযোদ্ধাদের ভাতা আর কোটা দিয়ে স্বাধীনতার চেতনা ধারণ করা যায় না। এত ঐতিহ্যবাহী একটি দল কীভাবে এত ভুল করতে পারে? শুধু চোখ ধাঁধানো উন্নয়ন দিয়ে মানুষের অন্তরে জায়গা করা যায় না। আমাদের মতো সাধারণ মানুষ যদি বুঝতে পারে, তারা কেন বুঝলেন না? আশা করি, আগামীতে যারাই শাসনব্যবস্থায় আসবেন, তারা এসব থেকে শিক্ষা নেবেন।
আমি এই পরিবর্তনের পক্ষে একজন মানুষ, কিন্তু শুরুতেই হোঁচট খেয়েছি। যে কোনো বিপ্লবের পর আইনশৃঙ্খলার অবনতি হতে পারে, কিন্তু তাই বলে ৩২ নম্বর বাড়িকে আগুন দিয়ে ধ্বংস করে ফেলতে হবে? এই বাড়িটিকে রক্ষা করার কেউ ছিল না? ৩২ নম্বর বাড়িটি দলমত নির্বিশেষে বাঙালি জাতির একটি আবেগের জায়গা। এটাকে কি কোনোদিন ফিরিয়ে আনা যাবে? ভবিষ্যৎ প্রজন্মের কাছে কী জবাব দেব আমরা? ১৫ আগস্টকে কি মুছে ফেলা যাবে? ভবিষ্যৎ প্রজন্মকে কি আবার জোড়াতালি দিয়ে তৈরি গল্প শোনাতে হবে?
আপনারা কি জানেন, খন্দকার মোশতাক আহমেদকে শপথ কে পড়িয়েছিল? এইচ টি. ইমাম, যাকে বঙ্গবন্ধু নিজে কয়েকজন সিনিয়রকে ডিঙিয়ে কেবিনেট সেক্রেটারি বানিয়েছিলেন, এবং পরে শেখ হাসিনা তাকে উপদেষ্টা বানিয়েছিলেন। আমরা কি ভুল থেকে শিক্ষা নিচ্ছি? নাকি ভবিষ্যতে ভুল থেকেই শিক্ষা নেব? একটু দেখুন আর ভাবুন, প্রাক্তন আইনমন্ত্রী আনিসুল হক এবং সালমান এফ রহমানের অবস্থা। এইটা যদি অন্তরে ধারণ করতে পারেন তাহলে আমি মনে করি কেউ দুর্নীতি বা অন্যায় কাজ চাইলেও করতে পারবেন না। প্রতিহিংসা কারোর জন্য সুফল বয়ে আনে না।