10/03/2024
প্রিয় আকাশনীলা,
ঘুমিয়ে পড়েছেন নিশ্চয়?
আপনার সাথে গভীর ঘুমে
তলিয়ে আছে শীতের মধ্যরাত।
শুধু আমি জেগে আছি।
সাথী হয়ে জেগে আছে নৈঃশব্দের আকাশ।
এইযে আপনি রোজ রোজ ঘুমিয়ে পড়েন,
আমাকে শুভরাত্রিটুকুও বলেন না,
আমার কিন্তু তাতে মন খারাপ হয়।
এরপর থেকে ঘুমাতে যাবার আগে
আমাকে বলে যাবেন; শুভরাত্রি।
ইচ্ছে না হলেও বলবেন।
ভনিতা করে হলেও বলবেন।
যদিও আকাশের জন্য দিনরাত্রি সমান।
তবুও আমি চাই—
কেউ একজন ঘুমুতে যাবার আগে
নিয়ম করে আমাকে 'শুভরাত্রি' বলুক।
জানেন, আপনি না বললেও
আকাশ আমায় রোজ ঘুমোতে বলে।
বলে— দু'চোখে আঁধারের প্রলেপ মেখে
ঘুমের দেশে তলিয়ে যেতে।
কিন্তু আমি ঘুমাই না। আমার ঘুম আসে না।
কেনো জানেন?
কারন আমার মনে হয়;
আমি ঘুমিয়ে পড়লে যদি রাত্রি জেগে ওঠে!
যদি সেই শব্দে আপনার ঘুমের ব্যঘাত ঘটে!
তারচেয়ে আমি বরং জেগেই থাকি।
জেগে জেগে পাহারা দিই ঘুমন্ত রাত্রির।
জানেন,
বাইরে এখন বিন্দু বিন্দু শিশিরকণা,
দলবেঁধে আকাশের নৈঃশব্দ ভেঙে দিচ্ছে!
সবুজ পাতায় জমে উঠছে জল!
বাতাসের শীতলতা।
আমার বড় ভালো লাগছে।
এমন আকাশের নৈঃশব্দ ভেঙে দেওয়া রাতে
পাতার গায়ে জল দেখে আমার আপনাকে
শিশির বলে ডাকতে ইচ্ছে করে।
পেলব স্পর্শের মতোন ভোরের প্রথম কিরণে
পৌঁছে দিতে ইচ্ছে করে— স্বচ্ছ আলোর স্ফটিক!
ইতি– প্রযত্নে আকাশ
সালমান হাবীব - কবিতায় গল্প বলা মানুষ