29/11/2023
যার কাছে তুমি আছো– জ্বরের রাইতগুলোতে সে যেন তোমার কপালে হাত রাখে, সে যেনো হয় জলপট্টি। সব জ্বর তো এন্টিবায়োটিকে সারে না, কোনো কোনো জ্বর ভালোবাসা পেলে চলে যায় মফস্বলের লাস্ট ট্রেনের মতো হাওয়ার গতিতে।
যার কাছে তুমি আছো– অভিমান হইলে সে যেনো তোমার মন না ভেঙে হাজার টাকার নোট ভাঙায়, সে যেনো কিন্ন্যা আনে খু্ঁচরো পয়শায় লালা টিপের খুশি।
যার কাছে তুমি আছো– সে যেনো তুমি বসতে চাইলে উঠান হয়, শুইতে চাইলে বুক, ভিঁজতে চাইলে বৃষ্টি, মন খারাপে গান, উড়তে চাইলে খোলা আসমান। সে যেনো তোমারে অমন কোনো দুঃখ না দেয় কোনোদিন- যে দুঃখ মনে করাইয়া দেয় আমার কথা।
যার কাছে তুমি নাই দুঃখ তো তার ই হয়, সে ই তো কবিতা লেখে। দুঃখ ছাড়া কবিতা লেখা যায় না। যার কাছে তুমি আছো – প্রার্থনা করি তার যেনো কবিতা লেখার মতো কোন দুঃখ না থাকে, সে যেনো কবিতা না লেখে কোনোদিন, তারে যেনো ছুঁইবার না পারে জীবনানন্দ।
যার কাছে তুমি আছো—তারে কইয়োও;
কোনোদিন যদি তার কাছে তোমার প্রয়োজন ফুরাইয়া যায় যৌবন ভাটার ঋতুতে, সে যেন তোমারে অবহেলা না করে। তার যদি তোমারে আর ভালো না লাগে, যদি ছু্ঁড়ে ফেলতে ইচ্ছা হয়, সে যেনো তোমারে করুনা করে আমার বুকেই ছুঁইড়া ফেলে...
|| যার কাছে তুমি আছো ৷৷