08/06/2026
যোগ্যতা বহির্ভূত নিয়োগে উচ্চতর স্কেল! দীর্ঘদিনেও অডিটে ধরা পড়েনি কেন—উঠছে গুরুতর প্রশ্ন
রংপুরের পীরগঞ্জ উপজেলার রসুলপুর মহাতাবিয়া স্কুল অ্যান্ড কলেজে এক সহকারী শিক্ষকআশরাফুল ইসলাম নিয়োগ ও উচ্চতর বেতন স্কেল গ্রহণকে কেন্দ্র করে গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। অভিযোগ অনুযায়ী, নিয়োগকালীন নির্ধারিত শিক্ষাগত যোগ্যতা পূরণ না করেও তিনি দীর্ঘদিন ধরে চাকরি করছেন এবং পরবর্তীতে উচ্চতর বেতন স্কেল (গ্রেড-৮) গ্রহণ করেছেন। বিষয়টি নিয়ে স্থানীয় মহলে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, সংশ্লিষ্ট শিক্ষক ১৯৯৫ সালে বিএ পরীক্ষায় তৃতীয় বিভাগে উত্তীর্ণ হন। অথচ তৎকালীন প্রচলিত নিয়োগ বিধিমালার আলোকে সহকারী শিক্ষক (শাখা সমাজবিজ্ঞান) পদে নিয়োগের জন্য নির্ধারিত শিক্ষাগত যোগ্যতা পূরণের বিষয়টি নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। অভিযোগকারীদের দাবি, প্রয়োজনীয় যোগ্যতা না থাকা সত্ত্বেও কীভাবে তিনি নিয়োগ লাভ করেন এবং পরবর্তীতে উচ্চতর বেতন স্কেলের সুবিধা গ্রহণ করেন, তা খতিয়ে দেখা জরুরি।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের বিধি-বিধান অনুযায়ী নিয়োগকালীন শিক্ষাগত যোগ্যতায় ঘাটতি থাকলে উচ্চতর স্কেল বা অন্যান্য আর্থিক সুবিধা প্রাপ্তির ক্ষেত্রে জটিলতা সৃষ্টি হওয়ার কথা। কিন্তু অভিযোগ থাকা সত্ত্বেও সংশ্লিষ্ট শিক্ষক দীর্ঘদিন ধরে এসব সুবিধা ভোগ করে আসছেন বলে দাবি করা হয়েছে।
এ ঘটনায় আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সামনে এসেছে—যদি নিয়োগ বা বেতন স্কেল প্রদানের ক্ষেত্রে কোনো অনিয়ম থেকে থাকে, তবে দীর্ঘ সময় ধরে বিভিন্ন সরকারি অডিট ও পরিদর্শনে তা ধরা পড়েনি কেন? সংশ্লিষ্ট দায়িত্বশীল ব্যক্তিদের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন সচেতন নাগরিকরা।
স্থানীয়দের অভিযোগ, শিক্ষা প্রতিষ্ঠানে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হলে বিষয়টির নিরপেক্ষ তদন্ত প্রয়োজন। তারা সংশ্লিষ্ট শিক্ষা প্রশাসন, অডিট বিভাগ ও দুর্নীতি দমন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।
এ বিষয়ে যথাযথ তদন্তের মাধ্যমে প্রকৃত তথ্য উদঘাটন এবং কোনো অনিয়ম প্রমাণিত হলে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন এলাকাবাসী।
উপজেলা প্রশাসন পীরগঞ্জ রংপুর