28/11/2023
অ্যালার্ম ছাড়া কিছু সকালে আমি উঠে পড়ি। আলো পৌঁছালেও রোদ পৌঁছায় না আমার বিছানায় তখনও। চারিদিক স্তব্ধতার মধ্যে কখনও ক্ষীণ জলের শব্দ পাই, ডাক শুনি বনমোরগের। জানলায় হাত ছুঁয়েই যখন দেখি গরাদ নেই, মনে পড়ে, আমি তো পাহাড়ে। মনটা খুশি হয়ে ওঠে। জানলা খুলে দিই, গ্রামে থাকার সুবাদে নির্জনতা আর জানলার কাছেই পাহাড় উপভোগ করি। চোখ কচলে সাদা জমাট বাঁধা মেঘ দেখি, কুয়াশা ঢাকা অস্পষ্ট পাহাড়ের সারি দেখে মনে হয় সে যেন আমার মত হাজার হাজার অভিযাত্রীর অভিভাবক, নিঃশব্দে গোটা রাত পাহারা দিয়েছে। পাহাড়ের উপর মেঘের অলস চলাফেরা দেখে বোঝার চেষ্টা করি আকাশ কতটা পরিষ্কার থাকবে। চারিধারে চোখ বোলাতে গিয়ে কখন যেন একটুকরো সোনালী আভা এসে পড়ে সোজা আমার কোল ঘেঁষে, উষ্ণতা মাখিয়ে দিয়ে যায় আমার আলসেমিতে। ক্যামেরা হাতে বেরিয়ে আসি, বাড়ির পিছনে যাই, শিশিরে ভেজা কাঠের বেঞ্চে বসি। জলের শব্দ, পাখির ডাক, কাঠ কাটার আওয়াজ পাই। আওয়াজ পাই গাছের পাতার উপর জলের টপটপের। সোনালী আভা এখন উষ্ণতা ছড়াচ্ছে আমার আশেপাশে, নতুন দিনের 'পরে, আলসেমি ভেঙে জেগে উঠছে গোটা পাহাড়। মেঘ সরে যায় ধীরে ধীরে, উপত্যকা থেকে চলে যায় অন্য কোনো দিকে। 🦋
পাহাড় আমার অভিভাবক আমি তাহার কন্যা 🎀
Naimur Rahman 📸