15/12/2022
ভূমি!
ভূমি সম্পর্কিত তিনটি আইনের খসড়া চূড়ান্তকরণের লক্ষ্যে শিগগির সংসদে পাঠানো হবে। এগুলো হলো- ভূমি ব্যবহার ও মালিকানা স্বত্ব আইন, ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন এবং ভূমি ব্যবহার স্বত্ব গ্রহণ আইন। বুধবার ঢাকায় এক সেমিনারে এ তথ্য জানান ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ।
রাজধানীর সিরডাপ মিলনায়তনে 'দ্বন্দ্বের পরিবর্তনশীলতা এবং অহিংস রূপান্তরমূলক পদ্ধতি : প্রান্তিক জনগোষ্ঠীর ভূমি অধিকারের ওপর একটি নিবিড় পর্যবেক্ষণ' শীর্ষক এ সেমিনার হয়। এর আয়োজন করে বেসরকারি উন্নয়ন সংস্থা নেটজ পার্টনারশিপ ফর ডেভেলপমেন্ট অ্যান্ড জাস্টিস (নেটজ বাংলাদেশ)।
অনুষ্ঠানে মন্ত্রী আরও বলেন, ভূমি ব্যবহার ও মালিকানা স্বত্ব আইনে নাগরিকদের 'সার্টিফিকেট অব ল্যান্ড ওনারশিপ' তথা সিএলও নামে একটি ডকুমেন্ট দেওয়া হবে, যেখানে ভূমি মালিকানার সব তথ্য থাকবে। জমির মালিকানা প্রমাণের জন্য বিভিন্ন ধরনের দলিলাদির প্রয়োজন হবে না। এ ছাড়া একই সঙ্গে স্মার্টকাডও দেওয়া হবে। কাডে মালিকানার সব ডিজিটাল তথ্য থাকবে। ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইনের আওতায় অবৈধ ভূমি দখলকে ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য করে উপযুক্ত শাস্তি ও জরিমানার ব্যবস্থা রাখা হয়েছে। আর ভূমি ব্যবহার স্বত্ব গ্রহণ আইনের আওতায় মাটির তলদেশ দিয়ে পাইপলাইন স্থাপন ও মাটির নিচে অন্যান্য স্থাপনা নির্মাণের ক্ষেত্রে পুরো জমি অধিগ্রহণ করার প্রয়োজন হবে না, অধিকন্তু জমির মালিক আর্থিক ক্ষতিপূরণ পাবেন।
ফলো করুন-
মন্ত্রী বলেন, তিনটি আইন পাস হলে ভূমিসেবা ডিজিটালাইজেশনের পরিপূরক হিসেবে কাজ করবে, যা পুরো ভূমি ব্যবস্থাপনায় আমূল সংস্কার আনবে। ভূমির ক্ষেত্রে কাউকে সংখ্যালঘু হিসেবে বিবেচনা করা হবে না। দেশে ডিজিটাল জরিপ শেষ হলে জমি নিয়ে দ্বন্দ্বও অনেকাংশে কমে আসবে।