15/10/2026
এই লোকটার প্রথম অপরাধটা কী, জানেন?
এই লোকটার প্রথম অপরাধ হলো—তিনি ম্যাসিভ স্ট্রোক করার পরেও চুরি, ছিনতাই কিংবা চাঁদাবাজির পথ বেছে নেননি! নিজের অসুস্থতা আর শারীরিক অক্ষমতাকে পুঁজি করে মানুষের সহানুভূতি আদায়ের চেষ্টা না করে, বরং শত কষ্টের মধ্যেও সৎভাবে উপার্জন করে বেঁচে থাকার সিদ্ধান্ত নিয়েছেন।
একবার ভাবুন তো, মানুষটা কতটা অসহায় হলে, শরীরের অর্ধেক শক্তি হারিয়েও জীবিকার তাগিদে রিকশার হ্যান্ডেল ধরেন! কতটা আত্মসম্মানবোধ থাকলে, মানুষের কাছে হাত না পেতে নিজের সামর্থ্যের শেষটুকু দিয়ে পরিবারের মুখে খাবার তুলে দেওয়ার চেষ্টা করেন!
হয়তো রাস্তার পাশে বসে কিংবা মসজিদের দরজায় হাত পাতলে কিছু টাকা পেতেন। কিন্তু তিনি সেই পথ বেছে নেননি। তিনি এক আল্লাহর ওপর ভরসা রেখে নিজের শ্রমের বিনিময়ে রিজিক উপার্জন করতে চেয়েছেন। কারণ, অভাবের কাছে মানুষ হার মানলেও, আত্মসম্মানের কাছে সবাই হার মানতে রাজি নয়।
আর তাঁর দ্বিতীয় অপরাধ কী?
তিনি অসুস্থ শরীর নিয়েই মেইন রাস্তায় রিকশা চালাতে নেমেছেন, যা হয়তো আইন অনুযায়ী নিষিদ্ধ। আইন ভঙ্গের বিষয়টি অবশ্যই আলোচনার যোগ্য। কিন্তু প্রশ্ন হলো, আইন প্রয়োগের সময় আমরা কি মানুষটাকেও একটু বিবেচনায় নিতে পারি না?
একজন সাংবাদিককে দেখলাম বলতে—
“আইন সবার জন্য সমান! তুমি অসুস্থতা নিয়ে মেইন রাস্তায় উঠতে গেলে কেন?”
কথাটা শুনতে যুক্তিসংগত। কিন্তু যুক্তিরও তো একটা মানবিক দিক থাকা উচিত!
লোকটা অসহায় কণ্ঠে বললেন,
“স্যার, আপনারা রিকশার তার কেটে দিলে আমি এটা টেনে নিতে পারমু না! মায়ের কসম, আল্লাহর কসম, আমি অসুস্থ স্যার!”
একবার ভাবুন, কথাগুলো বলতে তাঁর বুকের ভেতর কতটা অসহায়ত্ব জমে ছিল! একজন মানুষ নিজের অসুস্থতার কথা বারবার বলছেন, নিজের সীমাবদ্ধতা বোঝানোর চেষ্টা করছেন, অথচ তাঁর সেই আকুতি কারও বিবেককে স্পর্শ করল না!
সেখানে উপস্থিত মানুষগুলোর মাথায় কি একবারও প্রশ্ন জাগেনি—এই মানুষটার সারাদিনের উপার্জন হয়েছে কি না? তাঁর ঘরে হয়তো অসুস্থ শরীর নিয়ে অপেক্ষা করছেন পরিবারের সদস্যরা। হয়তো তাঁর উপার্জনের টাকাতেই রাতে চুলা জ্বলবে, সন্তানদের মুখে খাবার উঠবে।
রিকশাটা যদি আর চালাতে না পারেন, তাহলে পরের দিন তাঁর পরিবার চলবে কীভাবে? তাঁর চিকিৎসার খরচ আসবে কোথা থেকে? যে মানুষটা নিজের শরীরের সঙ্গে প্রতিনিয়ত যুদ্ধ করে বেঁচে আছেন, তাঁর জীবনের সেই যুদ্ধটা কি একবারও কেউ অনুভব করার চেষ্টা করেছেন?
আইন প্রয়োগ করা হয়েছে, কিন্তু মানবিকতার প্রয়োগটা কোথায় ছিল?
আইন ভাঙলে ব্যবস্থা নেওয়া যেতে পারে। কিন্তু সেই ব্যবস্থার মধ্যেও মানবিকতা থাকতে পারে। সতর্ক করা যেত, বিকল্প পথ দেখানো যেত, প্রয়োজনে সহায়তার ব্যবস্থা করা যেত। আইন মানানো আর একজন অসহায় মানুষকে আরও অসহায় করে তোলা—দুটো কখনোই এক বিষয় নয়।
অথচ শেষ পর্যন্ত কী হলো? আইনের দোহাই দিয়ে অসুস্থ মানুষটাকে তাঁর ভারী রিকশা টেনে নিয়ে যেতে বাধ্য করা হলো। কেউ এগিয়ে এসে একটু সাহায্য করলেন না। কেউ ভাবলেন না, মানুষটার শরীর আদৌ এতটা ভার বহন করার মতো অবস্থায় আছে কি না!
অন্যদিকে, এই দৃশ্য ধারণ করে হয়তো কারও ভিউ বাড়ল, কারও কনটেন্ট তৈরি হলো, কারও সাংবাদিকতার দায়িত্ব পালন হলো। কিন্তু যে মানুষটার জীবন থেকে উপার্জনের শেষ অবলম্বনটুকু কেড়ে নেওয়া হলো, তাঁর পাশে দাঁড়ানোর দায়িত্বটা কে নিলেন?
আমার কষ্টের কথা বলার জন্য কথাগুলো লিখছি না। বরং একটা বিষয় বোঝানোর জন্য বলছি—যে রিকশাটা একজন সুস্থ মানুষের জন্যও টেনে নেওয়া কষ্টকর, সেই রিকশা একজন স্ট্রোক করা অসুস্থ মানুষের জন্য কতটা ভারী হতে পারে, তা কি আমরা একবারও ভেবে দেখেছি?
একটু সাহায্য করা, একটু সহানুভূতি দেখানো, কিংবা অন্তত মানুষটার অসহায়ত্বটুকু বোঝার চেষ্টা করা—এগুলো কি সত্যিই এত কঠিন?
আমরা অনেক সময় আইন জানি, নিয়ম জানি, যুক্তি জানি; কিন্তু সেই আইন, নিয়ম আর যুক্তির আড়ালে মানুষকে দেখতে ভুলে যাই। অথচ সভ্যতার পরিচয় শুধু আইন মানানোর ক্ষমতায় নয়, দুর্বল মানুষের প্রতি আমাদের আচরণেও প্রকাশ পায়।
আপনি হয়তো আইনের মারপ্যাঁচে জিতে যাবেন, যুক্তির লড়াইয়েও জিতে যাবেন। কিন্তু তাই বলে বিবেকের আদালতেও যে জিতেছেন, তার নিশ্চয়তা কোথায়?
মনে রাখবেন, একজন অসহায় মানুষের দুর্বল মুহূর্তকে ক্যামেরাবন্দী করা খুব সহজ; কিন্তু তাঁর অসহায়ত্বটা হৃদয় দিয়ে অনুভব করা কঠিন। কাউকে নিয়ম শেখানো সহজ, কিন্তু তাঁর বাস্তবতা বোঝার মতো হৃদয় তৈরি করা কঠিন।
যে মানুষটা নিজের অসুস্থতা নিয়েও কারও কাছে হাত না পেতে সৎভাবে বেঁচে থাকার চেষ্টা করছেন, তিনি করুণা চান না; তিনি চান তাঁর শ্রমের মর্যাদা, তাঁর বেঁচে থাকার অধিকার আর একটু মানবিক আচরণ।
আমরা কি এমন একটা সমাজ গড়তে পারি না, যেখানে আইনও থাকবে, শৃঙ্খলাও থাকবে, আবার অসহায় মানুষের জন্য সহানুভূতির জায়গাটুকুও থাকবে?
আইন সবার জন্য সমান—অবশ্যই। কিন্তু মানবিকতা দেখানোর ক্ষেত্রেও কি আমরা সবাই সমান হতে পারি না?
একজন অসুস্থ রিকশাচালকের অপরাধ খুঁজে বের করার আগে, একবার তাঁর জীর্ণ শরীরের দিকে তাকান। তাঁর চোখের অসহায়ত্বটা পড়ার চেষ্টা করুন। হয়তো বুঝতে পারবেন, তিনি নিয়ম ভাঙার আনন্দে রাস্তায় নামেননি; বরং জীবনের কাছে হার না মানার জন্যই রাস্তায় নেমেছেন।
দুনিয়ার হিসাব-নিকাশে আপনি হয়তো নিজেকে বিজয়ী প্রমাণ করতে পারবেন। আপনার যুক্তি হয়তো অনেকেই মেনে নেবে। কিন্তু মানুষের হৃদয়ে আপনার অবস্থান কোথায়, সেই হিসাবটা অন্যরকম।
কারণ, সব অপরাধের বিচার আদালতে হয় না, সব জয়ের নাম সাফল্য নয়, আর সব পরাজয় চোখে দেখা যায় না।
মানুষ তার কর্ম দিয়েই নিজের পরিচয় তৈরি করে। আর কখনো কখনো, অন্যের প্রতি করা নিষ্ঠুরতাই নিজের দুর্ভাগ্যের বীজ হয়ে থেকে যায়।
কে কতটা পাপ করলেন, তার চূড়ান্ত বিচার একমাত্র আল্লাহই জানেন। কিন্তু আমাদের হাতে যখন কারও কষ্ট কমানোর সুযোগ থাকে, তখন সেই সুযোগ কাজে না লাগিয়ে উল্টো তাঁর কষ্ট বাড়িয়ে দেওয়ার দায় এড়ানো কি এতটাই সহজ?
দিনশেষে আমরা সবাই মানুষ। আজ যিনি অসহায়, কাল আমরাও অসহায় হতে পারি। আজ যাঁর রিজিকের পথ বন্ধ করে দিচ্ছেন, কাল হয়তো নিজের জীবনের কোনো কঠিন সময়ে আপনিও কারও একটু সহানুভূতির অপেক্ষায় থাকবেন।
তাই আইন প্রয়োগ করুন, অন্যায়ের প্রতিবাদ করুন, নিয়ম ভাঙলে ব্যবস্থা নিন—কিন্তু মানুষের প্রতি ন্যূনতম মমতাটুকু হারিয়ে নয়।
কারণ, আইন ভাঙার দায়ে কাউকে থামানো যায়; কিন্তু মানবিকতা হারিয়ে কাউকে ছোট করতে গিয়ে মানুষ নিজেই নিজের কাছে ছোট হয়ে যায়।
মানুষ হওয়াটা শুধু একটা পরিচয় নয়, এটা একটা দায়িত্বও। আর সেই দায়িত্বের সবচেয়ে বড় পরীক্ষা হয় তখনই, যখন আপনার সামনে দাঁড়িয়ে থাকা মানুষটার কিছুই করার ক্ষমতা নেই—শুধু আপনার একটু বিবেক জাগ্রত হওয়ার অপেক্ষা ছাড়া।
মনিরুজ্জামান ফয়সাল