15/09/2024
চোখের জলে বিদায় ডি মারিয়ার
আগেই ঘোষণা দিয়েছিলেন এবারের কোপা আমেরিকা শেষে বুটজোড়া তুলে রাখবেন। ফুটবল বিধাতা যে তার জন্য দু-হাত ভরে অপেক্ষায় ছিলেন, সেটি কে ভেবেছিল? দেশের জার্সিতে শেষবারের মতো খেলতে নেমে নিজেকে উজার করে দিলেন অ্যাঞ্জেল ডি মারিয়া। প্রিয় সতীর্থের শেষ ম্যাচে চোটে পড়ে মাঠ ছাড়লেন বড় তারকা লিওনেল মেসি। ভারপ্রাপ্ত অধিনায়কের বাহুবন্ধনী পরে যথারীতি মুগ্ধতা ছড়ালেন ডি মারিয়া। ১১২ মিনিটে তার বিদায় রাঙিয়ে আরাধ্য গোলটি করলেন লাউতারো মার্টিনেজ। ম্যাচসেরার পুরস্কার উঠল ডি মারিয়ার হাতে।
কোপা-বিশ্বকাপ-কোপা, অনন্য ট্রেবল জয়ের মধ্য দিয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন ৩৬ বছর বয়সী অ্যাটাকিং মিডফিল্ডার। এর মধ্য দিয়ে আর্জেন্টাইন ফুটবলে স্মরণীয় একটি অধ্যায়ের সমাপ্তি ঘটল। ‘এটি (ভাগ্যে) লেখা ছিল। ঠিক এমনই। আমি এটিরই স্বপ্ন দেখেছি। এভাবেই অবসর নেওয়ার স্বপ্ন দেখেছি। আমার এখন অনেকগুলো সুন্দর অনুভূতি আছে। আমি এই প্রজন্মের কাছে চিরকৃতজ্ঞ যারা এসব অর্জন সম্ভব করেছে, যেগুলো আমি খুব করে চেয়েছিলাম।’- প্রতিক্রিয়ায় বলছিলেন ডি মারিয়া।