10/06/2026
জনদুর্ভোগ চরমে, গর্ত-কাদা আর থমকে থাকা সেতু নির্মাণে অবরুদ্ধ জনজীবন | হাশীমের পুল-আনন্দ বাজার সড়কে দুর্ভোগে হাজারো মানুষ
সামান্য বৃষ্টি হলেই হাঁটুসমান কাদা, রাস্তার মাঝখানে বড় বড় গর্ত, আর দীর্ঘদিন ধরে সেতু নির্মাণকাজ বন্ধ থাকায় চরম দুর্ভোগে পড়েছে চট্টগ্রামের হাটহাজারী উপজেলার মেখল ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের হাজারো মানুষ। হাশীমের পুল থেকে আনন্দ বাজার পর্যন্ত গুরুত্বপূর্ণ সড়কটির বেহাল অবস্থায় স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে প্রতিনিয়ত।
সরেজমিনে দেখা যায়, সড়কের বিভিন্ন স্থানে সৃষ্টি হয়েছে গভীর গর্ত। সামান্য বৃষ্টিতেই এসব গর্ত পানিতে তলিয়ে যায়, ফলে যানবাহন চলাচল হয়ে পড়ে অত্যন্ত ঝুঁকিপূর্ণ। অনেক পথচারী বাধ্য হয়ে কাদা মাড়িয়ে চলাচল করছেন। প্রতিদিনই বাড়ছে দুর্ঘটনার আশঙ্কা।
সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ছেন রোগী ও তাদের স্বজনরা। জরুরি মুহূর্তে অসুস্থ রোগী কিংবা প্রসূতি মাকে হাসপাতালে নিতে গিয়ে চরম সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। অনেক ক্ষেত্রে খারাপ সড়কের কারণে সময়মতো চিকিৎসাসেবা নিশ্চিত করাও কঠিন হয়ে পড়ছে।
এ পথ ব্যবহার করে প্রতিদিন স্কুল, কলেজ ও মাদ্রাসাগামী বিপুলসংখ্যক শিক্ষার্থী। কাদা, জলাবদ্ধতা ও ভাঙাচোরা রাস্তার কারণে তাদের নিয়মিত যাতায়াত ব্যাহত হচ্ছে। সন্তানদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছেন অভিভাবকরাও।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে সড়কটি কার্যত চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। শিক্ষার্থী, চাকরিজীবী, ব্যবসায়ী ও সাধারণ মানুষ প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে এ পথে যাতায়াত করছেন। বর্ষা মৌসুমে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নেয়।
তারা আরোও জানান, সরকারি উদ্যোগের অভাবে সড়কটির স্থায়ী সংস্কার না হওয়ায় এলাকাবাসী ও প্রবাসীদের আর্থিক সহযোগিতায় একাধিকবার স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে রাস্তা মেরামতের উদ্যোগ নেওয়া হয়েছে। কিন্তু এসব সাময়িক সংস্কার বর্ষা মৌসুমে টেকসই না হওয়ায় অল্প সময়ের মধ্যেই সড়কটি আবার আগের বেহাল অবস্থায় ফিরে যায়। ফলে স্থায়ী সমাধানের জন্য দ্রুত সরকারি উদ্যোগ গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয়রা।
দুর্ভোগ আরও বাড়িয়ে দিয়েছে সড়কসংলগ্ন একটি সেতুর অসমাপ্ত নির্মাণকাজ। এলাকাবাসীর দাবি, দীর্ঘদিন আগে সেতুর কাজ শুরু হলেও কয়েক মাস ধরে সেখানে কোনো দৃশ্যমান অগ্রগতি নেই। ফলে বিকল্প পথ ব্যবহার করতে বাধ্য হচ্ছেন স্থানীয়রা, যা সময় ও ব্যয় দুটোই বাড়িয়ে দিচ্ছে।
স্থানীয়দের মতে, হাশীমের পুল-আনন্দ বাজার সড়কটি আশপাশের কয়েকটি এলাকার মানুষের অন্যতম গুরুত্বপূর্ণ যোগাযোগ মাধ্যম। সড়কের দুরবস্থার নেতিবাচক প্রভাব পড়ছে শিক্ষা, ব্যবসা-বাণিজ্য, কৃষিপণ্য পরিবহন এবং সামগ্রিক জনজীবনের ওপর।
বারবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হলেও এখন পর্যন্ত কার্যকর কোনো উদ্যোগ দেখা যায়নি বলে অভিযোগ এলাকাবাসীর। সড়ক সংস্কার ও সেতু নির্মাণকাজ দীর্ঘদিন ঝুলে থাকায় জনমনে ক্ষোভও বাড়ছে।
দ্রুত সড়কটি সংস্কার এবং বন্ধ থাকা সেতু নির্মাণকাজ পুনরায় শুরু করে নির্ধারিত সময়ের মধ্যে শেষ করার দাবি জানিয়েছেন স্থানীয়রা। তাদের আশা, কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপে দীর্ঘদিনের দুর্ভোগের অবসান ঘটবে এবং স্বাভাবিক হবে এলাকার যোগাযোগ ব্যবস্থা।