10/10/2026
কুমিল্লা জেলার অন্যতম উন্নত জনপদ চান্দিনা বাজার। এক কালের বরকামতা বাজারই পরবর্তীতে চান্দিনা বাজারে রূপান্তরিত হয়েছিল। কথিত আছে প্রাচীন সমতট রাজ্যের রাজধানী ছিল জয়কর্মান্তা>বরকামতা। ঈসা খাঁর কাচারী বাড়ি থেকে খাজনা আদায় করা হতো বলে স্বাধীনতার পরও উপজেলা অফিস এলাকাকে আমরা "কাচারী বাড়ী" বলে চিনতাম। ঐতিহাসিক অনেক স্থাপনার মধ্যে ছিল (B.K RAJ KACHARI) বরকামতা রাজ কাচারী (ভূমি অফিস সংলগ্ন উ:অংশে পুরাতন বিল্ডিং এখন নেই), কালি বাড়ির জোড়া মন্দির উল্লেখ যোগ্য। কাচারী বাড়ির পশ্চিমে গড়ে উঠেছিল কেনা বেচার ছোট হাট যা কালক্রমে বরকামতা হাট >বরকামতা বাজার> চান্দিনা বাজারে রূপান্তরিত হয়েছে। পাকিস্তান শাসনামল থেকে স্বাধীনতা যুদ্ধের কয়েক বছর পর পর্যন্ত চান্দিনা বাজার ছিল আশে পাশের তিনটি উপজেলার মানুষের (বিশাল অংশের) একমাত্র নির্ভরযোগ্য হাট। প্রতি শনিবার এবং মঙ্গলবার ভোর থেকে রাত ৯ টা পর্যন্ত হাটে প্রচুর লোক সমাগম হতো। পশ্চিমের খাদগর থেকে উত্তরের ধামতী-এলাহাবাদ, পূর্বে কাবিলা (কাজীর দোকান) এবং দক্ষিণে উপজেলার শেষ অবধি সাধারন মানুষের নির্ভর যোগ্য প্রসিদ্ধ বাজার ছিল বরকামতা তথা চান্দিনা বাজার। আজকের প্রজন্মের কাছে চান্দিনা বাজারের ইতিহাস রূপকথা মনে হতে পারে কিন্তু এটাই চিরন্তন সত্য।
চান্দিনা উত্তর বাজারে বর্তমান মতিন সরকার মার্কেটের দক্ষিণাংশ থেকে নূর বেকারীর উত্তরে ৫০ গজ পর্যন্ত ছিল বিস্তৃত খাল। ১৯৬৯/৭০ সাল পর্যন্ত এই খালের উপর লোক চলাচলে দেবিদ্বার (বাগুর)-চান্দিনার সংযোগ কাঠের চিকন সাঁকো বা পুল ছিল। স্বাধীনতার কিছু কাল পূর্বে মরহুম সৈয়দ লুৎফর রহমান চেয়ারম্যান কাঠের সাঁকোটি ভেঙ্গে একটা সুউচ্চ পাকা ব্রীজ নির্মান করেন। ব্রীজটি উঁচু করার অন্যতম কারন হলো নৌকা চলাচল সহজ করা কারন চান্দিনা বাজার ছিল তখন জেলার অন্যতম ব্যবসা ও বানিজ্য কেন্দ্র। ফলে দূর দূরান্ত থেকে প্রচুর বড় বড় ডিঙ্গি নৌকা ব্রীজের দুই পাশে সারি সারি বাঁধা থাকতো। ধান, পাট, কাঠ, আলু ও মুদি মালের অন্যতম প্রসিদ্ধ ব্যবসা কেন্দ্র ছিল চান্দিনা বাজার। চান্দিনা আল আমিন সিনিয়র মাদ্রাসা, জব্বার চেয়ারম্যান মার্কেট ও চৌধুরী মার্কেটের আশে পাশের এলাকা ছিল চান্দিনা বাজারের সবচেয়ে দুর্গন্ধময় নোংরা পরিত্যাক্ত বাগাড়। তখনো আজকের বিশ্বরোড হয়নি বিধায় ঢাকা-চট্টগ্রাম ট্রাঙ্ক রোড ছিল বাজারের ভিতরের সড়ক আর বাস স্টেশন ছিল চান্দিনা বড় মসজিদের পশ্চিমাংশে বিসমিল্লাহ হোটেল এবং মেয়র মফিজ সাহেবদের মার্কেট এলাকা। উত্তর বাজারের ব্রীজের গোড়া থেকে কালীঘর পর্যন্ত দু ধারে ছিল ছোট ছোট টঙ দোকান।
(ব্রীজটি ভেঙ্গে রাস্তা করা হয় ১৯৯০ সালের শেষ দিকে)