24/07/2026
ভৈরব ঢাকা-সিলেট মহাসড়কের পাশে মেঘনার তীরে অবস্থিত ব্যবসাকেন্দ্র। ভৈরব থেকে ১০ কিলোমিটার উত্তরে শিমুলকান্দি হাইস্কুল প্রাঙ্গণে বিপ্লবী রেবতী বর্মণের নামে প্রতিষ্ঠিত স্মৃতিসৌধটি ব্রিটিশবিরোধী আন্দোলনে তাঁর সাহসী ভূমিকার কথা স্মরণ করিয়ে দেয়। বিএনপির আমলে ২০০৬ সালে এটি প্রতিষ্ঠিত হয়। সে কারণেই কি না জানি না, বর্তমানে স্মৃতিসৌধটি অযত্নে-অবহেলায় পড়ে আছে।
স্থানীয় নাগরিক সমাজের কয়েকজনের সঙ্গে আলাপ হয়। জিজ্ঞেস করি, ভৈরবে গর্ব করার মতো কী আছে। তাঁরা বললেন, ভৈরব অবিভক্ত বাংলার অন্যতম প্রধান নৌবন্দর ছিল। এখান থেকে নৌ ও রেলপথে উত্তর-পূর্ব ভারতের বিভিন্ন রাজ্যে পণ্য যেত। ভৈরবে উৎপাদিত জুতা আকর্ষণীয় ডিজাইন, কম দাম এবং গুণগত মানের কারণে সারা দেশে জনপ্রিয়। জুতা উৎপাদনের ক্ষেত্রে পুরান ঢাকার পরই ভৈরবের অবস্থান। উপজেলার সাতটি ইউনিয়নের কমপক্ষে ২০টি গ্রামে গড়ে উঠেছে ছোট-বড় মিলিয়ে সাত হাজারের বেশি জুতা তৈরির কারখানা। ভৈরব পৌর এলাকার কমলপুর, জামালপুর, হাজী ফুল মিয়ার পাদুকা মার্কেট, মধ্যেরচর, চণ্ডীবেড়, কমলপুর বাসস্ট্যান্ড, সাদুতলাঘাট, শিমুলকান্দি, বাঁশবাড়ী, গজারিয়া, মানিকদী, কালিকাপ্রসাদসহ বিভিন্ন এলাকায় এসব কারখানা গড়ে উঠেছে। লক্ষাধিক শ্রমিক এসব জুতাশিল্পে জড়িত। জুতার ব্যাগ তৈরির কারখানা রয়েছে দুই-তিন হাজার।
©️ প্রথম আলো বন্ধুসভা-২৭ মার্চ ২০২১ এর পাতা থেকে সংগ্রহীত।
^Image collect from Internet!