23/05/2026
ইন্টেরিয়রের পেইজগুলোতে সবচেয়ে বেশি জিজ্ঞাসিত প্রশ্ন হলো "প্রতি স্কয়ার ফিট ক্যাবিনেটের রেট কত?"
লক্ষ্য করলে দেখবেন, অনেক প্রতিষ্ঠানই সরাসরি এর উত্তর দিতে চায় না বা এড়িয়ে যায়।
সত্যি বলতে, অনেকেই এটিকে এক ধরনের 'ব্যবসায়িক গোপনীয়তা' হিসেবে আড়ালে রাখে। স্পেসিফিকেশন ক্লিয়ার না করে শুরুতে একটি আকর্ষণীয় রেট দিয়ে কাজ নেওয়ার পর, ভেতরে সস্তা ম্যাটেরিয়াল দিয়ে প্রফিট করার একটি প্রবণতা বাজারী-কোম্পানীগুলোর রয়ে গিয়েছে। কিন্তু এমনটি হওয়া একেবারেই অনুচিত। ক্লায়েন্টের প্রতি দায়বদ্ধতা থেকে এই বিষয়ে শতভাগ স্বচ্ছতা (Clarity) থাকা উচিত। আপনি কোথায় এবং কেন টাকা খরচ করছেন, তা জানার অধিকার আপনার আছে।
প্রোপার স্পেসিফিকেশন ছাড়া ইন্টেরিয়রের কোনো ফিক্সড বা ইউনিভার্সাল রেট হয় না। দুটি "দেখতে" হুবহু একই রকম ক্যাবিনেটের নির্মাণ ব্যয়ে বিশাল পার্থক্য থাকতে পারে। একটি টেকসই ও ফাংশনাল ক্যাবিনেটের বাজেট মূলত তিনটি বিষয়ের ওপর নির্ভর করে:
১. কারকাস ম্যাটেরিয়াল (ভেতরের কাঠামো):
ক্যাবিনেটের ভেতরের কাঠামোটি কী দিয়ে তৈরি, তা এর সামগ্রিক স্থায়িত্ব নির্ধারণ করে। সাধারণ ড্রাই জোনে কমার্শিয়াল এমডিএফ (MDF) বা পার্টিকেল বোর্ড ব্যবহার করলে খরচ উল্লেখযোগ্য হারে কমে যায়। কিন্তু কিচেনের মতো আর্দ্র এলাকায় অবশ্যই বয়েলিং ওয়াটার প্রুফ (BWP) গর্জন প্লাইউড অথবা PVC/WPC/Marine Plywood বোর্ড ব্যবহার করা অপরিহার্য। মার্কেটে এখন HDHMR (মিস্ত্রিরা ডাকে ভুটান বোর্ড) গেইম চেঞ্জার হিসেবে ঢুকেছে। কিচেন ব্যতিত অন্যান্য জায়গায় চমতকার ডেনসিটির একটি বোর্ড যেটা আমরা ব্যবহার করা শুরু করেছি।
ম্যাটেরিয়ালের এই তারতম্যের কারণে পার স্কয়ার ফিট রেট স্বাভাবিকভাবেই ওঠানামা করে।
২. সারফেস ফিনিশ (বাইরের আবরণ):
এক্সটেরিয়র ফিনিশিংয়ের ম্যাটেরিয়াল বাজেটে সরাসরি প্রভাব ফেলে। যেমন:
▪️ মেলামাইন ফিনিশ: সাশ্রয়ী, তবে পারমানেন্ট কিচেনের জন্য রিকমেন্ডেড নয়। ওয়াল ক্লজেট কিংবা কিচেন ক্যাবিনেট করলে টিপিকালি ১১০০-১২০০ থেকে ১৬০০ টাকা পার স্কয়ারফিট খরচ হতে পারে, থিকনেস, এজিং, হ্যান্ডেল সিস্টেমের উপর ডিপেন্ড করে।
▪️ এইচ পি এল (HPL): স্ক্র্যাচ ও হিট-রেজিস্ট্যান্ট। কিচেনের জন্য সেরা এবং টেকসই। ১৬০০-১৮০০ টাকা বেসিক, আপটু ২৫০০ টাকা পর্যন্ত হতে পারে।
▪️ European ব্র্যান্ডের পিইউ/ডকু পেইন্ট, মেমব্রেন ফিনিশ, সি-এন-সি মিলিং করা সারফেস, স্লিক/ন্যারো প্রোফাইলের এলুমিনাম-ফ্লুটেড গ্লাস ও অন্যান্য প্রিমিয়াম ফিনিশের ক্যাবিনেট্রি। ২৪০০ থেকে শুরু করে ৩২০০-৩৫০০ আপটু ৪৫০০ টাকা পর্যন্ত প্রাইসিং হতে পারে পার স্কয়ারফিট। পার পিস এইচ পি এল যেমন ২৮০০-৩২০০ টাকার রয়েছে তেমনি ৭৮০০-১০৫০০ টাকার প্রিমিয়াম শিট ও ব্যবহার হয় (যেমন Luvih)
অর্থাৎ ফিনিশিংয়ের এই পার্থক্যের কারণে স্কয়ার ফিট রেট ১২০০ টাকা থেকে শুরু করে ৪৫০০ টাকা বা তার বেশিও হতে পারে।
৩. মডিউলার হার্ডওয়্যার (আলাদা খরচ): ক্যাবিনেটের বডি স্কয়ার ফিটে হিসাব হলেও, ভেতরের ফাংশনাল ফিটিংস (যেমন: সফট-ক্লোজ হিঞ্জ, টেন্ডেম বক্স, লিফট-আপ মেকানিজম) কাউন্ট হয় পিস বা সেট হিসেবে। একটি বেসিক ড্রয়ার চ্যানেল এবং Blum বা Hettich-এর মতো ইউরোপিয়ান প্রিমিয়াম মেকানিজমের প্রাইসিংয়ে বিস্তর ফারাক থাকে। ক্লায়েন্টকে না জানিয়ে বা ক্লিয়ার না করে অনেকেই এখানে কম দামি লোকাল ফিটিংস ধরিয়ে দেয়। ভাল মানের হার্ডওয়্যার আসলে ব্যবহারের এক্সপিরিয়েন্সকে কতোটা এনহ্যান্স করে সেটা লিখে বোঝানো সম্ভব না। ঢাকায় অনেক গুলো এক্সপিরিয়েন্স সেন্টার আছে যেখানে গেলে আপনি সাজানো ক্যাবিনেট ব্যবহার করে দেখতে পারবেন, বুঝতে পারবেন তফাতটা আসলে কোথায়। এমনও হয়েছে একটি ওয়াক ইন ক্লজেট রুমে আমরা ক্যাবিনেটের কস্টিং করেছি ১০ লক্ষ টাকা, কিন্তু উনার কাপড়-জুতা-ড্রয়ারের হার্ডওয়্যার বা ইনসার্ট গুলোর কস্টিংই এসেছে ১২ লক্ষ টাকা।
▪️ আপনার জন্য বেসিক একটা টেকনিক্যাল চেকলিস্ট:
কাজে স্বচ্ছতা নিশ্চিত করতে এবং সাপ্লায়ার যা প্রতিশ্রুতি দিয়েছে বাস্তবে ঠিক সেই মানের ম্যাটেরিয়াল দিচ্ছে কিনা তা চেক করতে কাজ শুরুর আগে নিচের পয়েন্টগুলো মিলিয়ে নিন:
ক. বোর্ড বা কাঠামো যাচাই:
- চুক্তি যদি বয়েলিং ওয়াটার প্রুফ (BWP) প্লাইউডের হয়ে থাকে, তবে অরিজিনাল প্লাইউডের গায়ে কোম্পানির লোগো এবং BWP বা IS 710 গ্রেডটি সিল দিয়ে প্রিন্ট করা থাকে কিনা দেখে নিন।
- ডেলিভারি করা বোর্ডের থিকনেস (যেমন বডির জন্য ১৮ মিমি) ঠিক আছে কিনা তা মেপে নিশ্চিত হোন। ১৬ মিলি আর ১৮ মিলি বোর্ডের দামের পার্থক্য বেশ খানিকটা।
খ. ফিনিশিং ও এজ ব্যান্ডিং:
- এইচপিএল ক্যাবিনেটের ক্ষেত্রে প্লাইউডের ওপর অন্তত ১ মিমি বা ০.৮ মিমি থিকনেসের লেমিনেট শিট প্রেশার দিয়ে পেস্ট করা হয়েছে কিনা দেখুন।
- ক্যাবিনেটের পাল্লার ধারগুলোতে লাগানো পিভিসি টেপ (Edge Banding) ফ্যাক্টরি মেশিন দিয়ে ফিনিশিং করা কিনা তা নিশ্চিত করুন। ম্যানুয়াল বা হাত দিয়ে আঠা লাগিয়ে কাটলে কিছুদিন পর তা উঠে যায়।
- ডুকো/পি-ইউ পেইন্টের ক্ষেত্রে সারফেসের ওপর হাত বুলিয়ে দেখুন। ফিনিশিং কাঁচের মতো স্মুথ হবে, কোনো বুদবুদ বা খসখসে ভাব থাকবে না। ইউরোপিয়ান ব্র্যান্ডের পি-ইউ বা ডুকো প্রমিস করে যাতে চাইনিজ ডিব্বা নিয়ে না আসে খেয়াল করবেন। কাজ শুরু করার আগে স্যাম্পল নিন, কম্পেয়ার করুন।
গ. হার্ডওয়্যার ও মেকানিজম:
- Blum, Hettich বা Hafele-এর মতো প্রিমিয়াম ব্র্যান্ডের প্রতিটি কবজা বা ড্রয়ার চ্যানেলের মেটালের ওপর কোম্পানির লোগো নিখুঁতভাবে খোদাই (Emboss) করা থাকে। কেবল স্টিকার বা লেজার প্রিন্ট থাকলে তা নকল হওয়ার সম্ভাবনা বেশি।
- ক্যাবিনেটের পাল্লা বা পুরোটা টেনে খুলে ছেড়ে দিন। শেষ মুহূর্তে এসে গতি একদম কমিয়ে নিজে থেকেই কোনো শব্দ ছাড়া স্মুদলি বন্ধ হচ্ছে কিনা পরীক্ষা করুন।
ঘ. প্রজেক্ট ডকুমেন্টেশন:
- চুক্তির সময় যে বিল অফ কোয়ান্টিটি (BOQ) সাইন করা হয়েছে, মালামাল আসার পর তার স্পেসিফিকেশনের সাথে বাস্তব মালামাল একটি একটি করে মিলিয়ে নিন।
⚠️ নোট:
কোথাও কাজ দেওয়ার আগে কেবল "দাম কত" বিবেচনা না করে, প্রজেক্টের স্পেসিফিকেশনে কী ম্যাটেরিয়াল এবং কোন ব্র্যান্ডের হার্ডওয়্যার দেওয়া আছে, তার বিস্তারিত লিখিত নিন। এই বিষয়ে কোনো গোপনীয়তা থাকা উচিত নয়। কাজ শুরু করার দিন সাইটে কিছুটা সময় দিন এবং মালামালগুলো এই চেকলিস্ট অনুযায়ী নিজে ইন্সপেক্ট করুন।