17/04/2026
ধুপগুড়ি বিধানসভা
বিতর্ক উপেক্ষা করে ধূপগুড়িতে বিজেপির জোরদার প্রচার, নরেশ রায়ের হাত ধরে পদ্মশিবিরে শতাধিক পরিবার
মহাত্মা গান্ধী ও ক্ষুদিরাম বসুকে নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে বর্তমানে রাজনৈতিক চর্চার কেন্দ্রবিন্দুতে ধূপগুড়ি বিধানসভার বিজেপি প্রার্থী নরেশ চন্দ্র রায়। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে কুনাল ঘোষ— শাসকদলের একের পর এক নেতার তোপ ও কটাক্ষের মুখে পড়লেও দমে যেতে নারাজ তিনি। বরং সমস্ত সমালোচনাকে পাশে সরিয়ে রেখে জেদ ও অদম্য ইচ্ছাশক্তিকে পাথেয় করে নিজের জয়ের পথ প্রশস্ত করতে মরিয়া বিজেপি প্রার্থী।বৃহস্পতিবার দিনভর ঝাড় আলতা ২ নং গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন বুথে জনসংযোগ ও নির্বাচনী প্রচার চালান নরেশ রায়। দক্ষিণ খট্টিমারি, উত্তর খট্টিমারি ও ভান্ডারকুরা এলাকায় প্রচারের ফাঁকে অন্যান্য রাজনৈতিক দলের কর্মীদের হাতে বিজেপির দলীয় পতাকা তুলে দেন তিনি। এখানেই শেষ নয়, রাতের দিকে গধেয়ারখুটি গ্রাম পঞ্চায়েতে গিয়েও বড়সড় চমক দেন তিনি। সেখানে তৃণমূল কংগ্রেসের দীর্ঘদিনের বেশ কিছু সক্রিয় কর্মী ও সমর্থক ঘাসফুল শিবির ত্যাগ করে বিজেপিতে যোগ দেন।
দলীয় সূত্রে খবর, এদিন দিনভর প্রচারের শেষে নরেশ রায়ের হাত ধরে মোট ১০০টি পরিবার বিজেপি শিবিরে শামিল হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, শাসকদলের আক্রমণকে হাতিয়ার করেই পালটা জনসংযোগে জোর দিচ্ছেন বিজেপি প্রার্থী, যার প্রতিফলন দেখা গেল এদিনের দলবদল কর্মসূচিতে।