26/07/2025
“আলোকচিত্রাচার্য এম এ বেগ পদক ২০২৫”
বাংলাদেশের আলোকচিত্রণ শিল্পে অসামান্য অবদানের জন্য বেগার্ট ইন্সটিটিউট অফ ফটোগ্রাফি আজ ২৬শে জুলাই ২০২৫ পথিকৃৎ আলোকচিত্রশিল্পী বিজন সরকারকে “আলোকচিত্রাচার্য এম এ বেগ পদক ২০২৫” (মরণোত্তর) সম্মাননায় ভূষিত করছে।
~
বিজন সরকারঃ নিভৃতচারী পথিকৃৎ আলোকচিত্রশিল্পী
পথিকৃৎ আলোকচিত্রশিল্পী বিজন সরকার ১৯৩৫ সালের ১১ই এপ্রিল গাইবান্ধা জেলার কামারজানি গ্রামে জন্ম গ্রহণ করেন। ছোট বেলায় তাঁর বড় ভাইয়ের দেয়া কোডাক বক্স ক্যামেরা দিয়ে ছবি তোলার হাতেখড়ি। পঞ্চাশ দশকের শেষের দিকে আলোকচিত্রাচার্য মনজুর আলম বেগের সাথে তাঁর পরিচয় ঘটে এবং ১৯৬১ সালে বেগার্ট ইন্সটিটিউট অফ ফটোগ্রাফী থেকে আলোকচিত্রের ওপর প্রশিক্ষণ লাভ করেন। ১৯৬২ সালে পাকিস্তান সরকারের জিওলজিক্যাল সার্ভের (ভূতাত্ত্বিক জরিপ) আলোকচিত্রী হিসেবে পেশাজীবন শুরু করেন। পরবর্তীতে ১৯৭০ সালে তিনি তৎকালীন পিটিভি’র ক্যামেরাম্যান এবং ১৯৭৩ সাল থেকে বাংলাদেশ পর্যটন করপোরেশনের প্রধান আলোকচিত্রী হিসেবে দায়িত্ব পালন করেন এবং ১৯৯৫ সালে অবসর গ্রহণ করেন। ১৯৬৭ সালে ৭৫টি আলোকচিত্র, যার মধ্যে ২০টি বিমূর্ত আলোকচিত্র (ট্রান্সমিটিং লাইট মেথড) নিয়ে তাঁর প্রথম একক আলোকচিত্র প্রদর্শনী হয় ঢাকায় ধানমন্ডি আর্ট এনসেম্বল গ্যালারীতে। এই প্রদর্শনী দেখে শিল্পাচার্য জয়নুল আবেদিন লিখেছিলেন - “বিজন কোন গতানুগতিক আলোকচিত্রী নন, তাঁর কাজে শিল্পীর সকল স্বকীয়তা রয়েছে। আমি নিশ্চিত দেশের আলোকচিত্র শিল্পের উৎকর্ষ সাধনে তিনি গুরুত্বপূর্ন ভূমিকা রাখবেন”। (১৯৬৭) তাঁর দ্বিতীয় একক প্রদর্শনী হয় ১৯৭০ সালে পাকিস্তান কাউন্সিল সেন্টার, ইসলামাবাদে। (১৯৭০, পাকিস্তান টাইমস)
তাঁর অর্জিত পুরস্কারের মধ্যে রয়েছে ১৯৭৭ সালে জাপানের এশিয়া-প্যাসিফিক কালচারাল সেন্টার ফর ইউনেস্কো পুরস্কার, ১৯৭৮ সালে কানাডায় কমনওয়েলথ সন্মানসূচক পুরস্কার, ১৯৮০ সালে সাইপ্রাসে অনুষ্ঠিত প্রথম কমনওয়েলথ ফিল্ম এন্ড টেলিভিশন ফেস্টিভালে সার্টিফিকেট অফ মেরিট। আশির দশকে আন্তর্জাতিক ট্যুরিজম পোস্টার প্রতিযোগিতায় বিজন সরকারের ছবি দিয়ে বাংলাদেশ পর্যটন করপোরেশন রুরাল বাংলাদেশ শিরোনামের পোস্টারটি পিএটিএ গোল্ড পদক লাভ করে এবং ১৯৮৬ সালে ডেনমার্ক ফটোগ্রাফি সোসাইটির প্রথম ক্যাটাগরি পুরস্কার প্রাপ্ত হন।
তিনি বেগার্ট ইন্সটিটিউট অব ফটোগ্রাফির প্রতিষ্ঠাকালীন প্রশিক্ষনার্থী (১৯৬২), ক্যামেরা রিক্রিয়েশান ক্লাব (১৯৬৩) ও বাংলাদেশ বাংলাদেশ ফটোগ্রাফিক সোসাইটির প্রতিষ্ঠাকালীন সদস্য (ডিসেম্বর, ১৯৭৫), সন্মানিত ফেলো, সাবেক সাধারণ সম্পাদক এবং সভাপতি। নিভৃতচারী শিল্পী বিজন সরকার এক সড়ক দূর্ঘটনার পর রাজধানী ঢাকার সিটি হাসপাতালে ২৯শে ডিসেম্বর ২০১২ পরলোকগমন করেন।
আমিরুল রাজিব/দুনিয়াদারি আর্কাইভ