25/01/2026
নরসিংদীতে চঞ্চল চন্দ্র ভৌমিক (২৩) নামে এক যুবককে পুড়িয়ে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার (২৩ জানুয়ারি) গভীর রাতে শহরের পুলিশ লাইন এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত চঞ্চল কুমিল্লার বরুড়া উপজেলার লক্ষ্মীপুর গ্রামের খোকন চন্দ্র ভৌমিকের ছেলে। তিনি পুলিশ লাইন এলাকার খাঁবাড়ী মসজিদ মার্কেটের একটি গাড়ি ওয়ার্কশপে কাজ করতেন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, প্রতিদিনের মত শুক্রবার রাতেও কাজ শেষে একটি মেস থেকে খাবার খেয়ে এসে দোকানের ভেতরেই ঘুমিয়ে পড়েন চঞ্চল। গভীর রাতে দুর্বৃত্তরা দোকানের শাটারের নিচে আগুন লাগিয়ে দেন। ভেতরে পেট্রল-মবিল থাকায় মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে ভেতরে। এতে পুড়ে অঙ্গার হন চঞ্চল।
সিসিটিভি ফুটেজে দেখা যায়, কয়েকজন ব্যক্তি উদ্দেশ্যপ্রণোদিতভাবে দোকানের শাটারে আগুন দিচ্ছেন।