04/05/2026
এটা আমাদের গল্প" – বড় ছেলের ত্যাগের আড়ালে লুকানো এক বাস্তব গল্প
আজ 'এটা আমাদের গল্প' নাটকের ৫০তম পর্বটি দেখার পর মনটা ভীষণ ভারাক্রান্ত হয়ে আছে। নাটক হলেও এটি যেন আমাদের সমাজের অনেক মধ্যবিত্ত পরিবারের এক চরম বাস্তব প্রতিচ্ছবি।
বিশেষ করে ফাহাদ আহমেদ (বড় ছেলের চরিত্রে), উনার কান্না দেখে আজ নিজেকে সামলানো দায় ছিল। এর আগের অনেক পর্বে আবেগপ্রবণ হয়েছি ঠিকই, কিন্তু আজকের পর্বের কষ্টটা যেন কলিজায় গিয়ে লেগেছে।
হয়তো অনেকেই ফাহাদ আহমেদকে নেতিবাচকভাবে দেখেছেন বা উনার সমালোচনা করেছেন। কিন্তু শুরু থেকে যারা গভীরভাবে নাটকটি অনুসরণ করছেন, তারা বুঝবেন উনার প্রতিটি কাজের পেছনে পরিবারের সুখের চিন্তাটাই মুখ্য ছিল। হ্যাঁ, হয়তো উনার সব সিদ্ধান্ত সঠিক ছিল না , কিন্তু উনার মাথার ওপর পরিবারের ভালো রাখার যে চাপ ছিল—তা অস্বীকার করার উপায় নেই।
নিজের পরিবারের জন্য উনি যে পরিমাণ স্যাক্রিফাইস বা ত্যাগ করেছেন, তা ওপর থেকে বোঝা কঠিন। বাস্তব জীবনেও ঠিক এমনই হয়—পরিবারের বড় ছেলেরা দিনশেষে নিজেদের অনেক শখ, স্বপ্ন আর ভালোবাসা বিসর্জন দেয় শুধু আপনজনদের মুখে হাসি ফোটানোর জন্য। অথচ ভাগ্যের নির্মম পরিহাসে, তারা দিনশেষে অনেক কিছু হারিয়ে একাই অপরাধী হয়ে থেকে যায়।
ধন্যবাদ এই নাটকের পুরো টিমকে এবং বিশেষ করে ফাহাদ আহমেদকে এত জীবন্ত অভিনয়ের জন্য। বাস্তব জীবনের এই অদেখা হিরোদের প্রতি বিনম্র শ্রদ্ধা।