11/06/2026
জানালার ধারে হেলান দিয়ে থাকা মানুষটার দিকে তাকিয়ে সাকির মনে হলো,জীবন আসলে এক দীর্ঘ ট্রেনযাত্রা।
কেউ ওঠে মাঝপথে, কেউ নেমে যায় কোনো নাম না-জানা স্টেশনে, আর কেউ কেউ জানালার পাশে বসে শুধু বাইরে তাকিয়ে থাকে। কোথাও পৌঁছানোর জন্য নয়, বরং ফেলে আসা পথগুলোকে আরেকবার দেখার জন্য।
লোকটার চোখে অদ্ভুত এক ক্লান্তি ছিল। সেই ক্লান্তি কাজের নয়, বয়সেরও নয়, সেটা ছিল অপেক্ষার ক্লান্তি।
সাকি ভাবল, পৃথিবীর সবচেয়ে ভারী জিনিস বোধহয় কোনো ব্যাগ নয়, কোনো বোঝাও নয়। সবচেয়ে ভারী জিনিস হলো কিছু না বলেও বহু বছর ধরে বয়ে বেড়ানো কিছু গল্প।
ট্রেনটা দাঁড়িয়ে ছিল, কিন্তু মানুষটার ভেতরে চলছিল আরও অনেক দূরের যাত্রা। হয়তো সে ফিরছে কোনো প্রিয় মানুষের কাছে, হয়তো প্রিয় মানুষ ছেড়ে চলে যাচ্ছে এমন কোথাও, যেখান থেকে আর ফেরার ইচ্ছে নেই।
সাকি জানে, প্রতিটি ট্রেনের জানালায় একটা করে গল্প বসে থাকে। কেউ তা দেখে, কেউ দেখে না।.....