11/09/2026
পুরনো ঘড়ির কাটায় একটা জিজ্ঞাসা থেমে ছিলো। তাও অনেক বছর হবে, যে বছর কোনো একটি অনুষ্ঠানে আমাদের শেষ দেখা হয়েছিলো।
পুরনো জানালার পর্দায় লেগে ছিলো দাগ। রাগ করে লিখা চিঠির সকল অক্ষর সেখানে খুঁজে বেড়াচ্ছে ব্যাকগ্রাউন্ড মিউজিক, স্ক্রিনশট।
পুরনো গল্পের দেয়ালে স্মৃতির হাতের ছাপ। নখের খোঁটানো। তাতে ধুলোর প্রলেপ ঢেকে দিচ্ছে কবিতা, সিনেমার মলাট, টেলিভিশনের ঝিরঝির মুখ।
পুরনো জিভের ডগায় খণ্ডিত আধুনিক চকলেট চুষে খাচ্ছে রেডিওর তার, অ্যাপসের রঙ। ঠোঁটের ভাঁজে শাড়ীর আয়না জল।
পুরনো কাঠের ড্রয়ারে গুগল ব্রাউজার, সার্চ ইঞ্জিনে খোঁজা স্মৃতি। চিঠির বৈয়ামে রাখা প্রায় ভুলতে বসা প্রিয়ো ঘ্রাণ, গাছের নাম।
পুরনো আরও অনেক কিছুই এখন বদলে গিয়ে ভীষণ অন্যরকম। তারপরেও সেই একই জিজ্ঞাসা এখনো একইরকম আছে।
পুরনো হয়ে যাওয়া এই আমিটাকে হয়তো তুমিই দেখে বলতে পারবে কেমন হয়েছি দেখতে। আর তোমার পুরনো আমি।