15/10/2025
রাজাখালী বকশিয়া ঘোনার ভোটারদের যৌক্তিক দাবি মানতে হবে!
বিগত সকল জাতীয় সংসদ নির্বাচনে রাজাখালী সরকারী প্রাথমিক বিদ্যালয় ও রাজাখালী এয়ার আলী খাঁন আদর্শ উচ্চ বিদ্যালয় ২টি ভোট কেন্দ্রে (৩ নং ওয়ার্ডের আংশিক এলাকা, ৪ নং ওয়ার্ড, ৬ নং ওয়ার্ড ও ৯ নং ওয়ার্ড) ভোটাররা ভোট দিয়ে আসছিল। কিন্তু উক্ত কেন্দ্র ২টির অবস্থান পাশাপাশি হওয়ায় রাজাখালী সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রটি নির্বাচন কমিশন কর্তৃক বাতিল করা হয়। যার কারণে ৬ নং ওয়ার্ড তথা বকশিয়া ঘোনা বিশাল এলাকাটি কেন্দ্রশূণ্য হয়ে যায়।
এমতাবস্তায় উক্ত ওয়ার্ডের জনসাধারণের পক্ষ থেকে বকশিয়াঘোনা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে নতুন কেন্দ্র স্থাপনের প্রস্তাবনা করে নির্বাচন অফিসার বরাবর আবেদন করা হয়। ঐ আবেদনের পরিপ্রেক্ষিতে গত ২০/৮/২৫ ইং পেকুয়া উপজেলা নির্বাচন অফিসার জনাব শওকত আলী সাহেব প্রস্তাবিত বকশিয়াঘোনা কেন্দ্রটি পরিদর্শন করেন।
পরিদর্শনের পর গত ৬/১০/২৫ ইং প্রস্তুতকৃত খসড়া ভোট কেন্দ্রের তালিকার উপর জেলা নির্বাচন অফিসার আবদুল আজিজ নোটিশ প্রদানের মাধ্যমে গণশুনানি সমাপ্ত করেন। উপজেলা নির্বাচন অফিসার কর্তৃক দেয়া কেন্দ্র স্থাপনের জন্য সকল শর্ত ও চাহিদা পাওয়া সত্ত্বেও গণশুনানির পর কি কারণে বকশিয়াঘোনা কেন্দ্র বাতিল করা হলো তার যথাযথ উত্তর দিতে পারেনাই পেকুয়া উপজেলা নির্বাচন অফিসার জনাব শওকত আলী!
৬ নং ওয়ার্ডের জনসাধারণের প্রস্তাবিত কেন্দ্রের নাম ছিল বকশিয়া ঘোনা সরকারী প্রাথমিক বিদ্যালয়, কিন্তু অলৌকিকভাবে ঐ স্থানে কেন্দ্রের নাম এসেছে বদিউদ্দিন পাড়া এলাহিয়া ইবতেদায়ী মাদ্রাসা! যেটি ৭ নং ওয়ার্ডেই অবস্থিত এবং ৬ নং ওয়ার্ড থেকে অনেক দূর ও যাতায়াত ব্যবস্থা একেবারে নাজুক।
৬ নং ওয়ার্ডের ভোটার ফোরকান,রিফাত,মুন্না বলেন, দলমত নির্বিশেষে অত্র এলাকার সকল ভোটারগণের দাবি হলো, নতুন ভোট কেন্দ্র করলে অবশ্যয় বকশিয়া ঘোনা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে করতে হবে অথবা পূর্বের কেন্দ্র বহাল রাখতে হবে। অন্যথায় শীঘ্রই এলাকাবাসীকে সাথে নিয়ে কঠোর কর্মসূচির ঘোষণা আসবে।
তিনি আরো বলেন, আমাদের প্রস্তাবিত কেন্দ্রটিতে নির্বাচন অফিস কর্তৃক চাহিদা মোতাবেক সব কিছু থাকা সত্বেও কেন বদিউদ্দিন পাড়ায় একটা জরাজীর্ণ/টিনের ভাঙ্গা ঘর/প্রতিষ্ঠানকে কেন্দ্র হিসেবে তালিকায় নাম এসেছে এর যথাযথ জবাব নির্বাচন অফিসারকে দিতে হবে। এর রহস্য কি তা রাজাখালী বাসী জানতে চাই।
ওই ওয়ার্ডের ভোটার মনিরুল ইসলাম জানান, বদিউদ্দিন পাড়া এলাহিয়া মাদ্রাসার নাম আমাদের আবেদনে উল্লেখ না থাকা সত্বেও কি কারণে এই নাম এসেছে বোধগম্য নয়। এখানে কোন রহস্য লোকায়িত আছে। নির্বাচন অফিসারের এই সিদ্ধান্তের বিরুদ্ধে শীঘ্রই আন্দোলনের ডাক দেয়া হবে।
আরেকজন ভোটার জানান, বদিউদ্দিন পাড়ার ভোটারদের জন্য যদি প্রয়োজন হয় তাহলে কেন্দ্র এলাহিয়া মাদ্রাসা করুক তাতে আমাদের সমস্যা নেই কিন্তু ৬ নং ওয়ার্ডের ভোটারদের জন্য আমাদের আবেদনে প্রস্তাবিত স্থানে কেন্দ্র হতে হবে। সেটাও যদি না হয় তাহলে পূর্বের কেন্দ্র বহাল রাখতে হবে।