01/10/2026
ভেজা তিনটি পাতা কুড়িয়ে নিয়েছিলাম। সময়টা ছিল ভেজা নীরব সকাল। সূর্য ফিকফিকে আলো ছড়িয়ে আছে মেঘ-মখমলে।
পুকুরের পানিতে পরিষ্কার করে নিলাম পাতাগুলো। শাড়ির আঁচলে মুছে নিলাম।
ঘরে ফিরে বারান্দায় রাখা বইয়ের ভাঁজে রেখে দিলাম।
দিন কয়েক কেটে গেল। বর্ষা থামছে, রোদ বাড়ছে, আবার বর্ষা। চলছে অনিয়ম।
একবার গরম, গলে যাওয়ার অবস্থা। তো আবার কাঁথায় মুখ গুঁজে ঘুম।
কেউ যেন আকাশে বসে মোবাইলের ওয়ালপেপার যেভাবে পাল্টে ফেলি, তেমন করে ঋতু পাল্টে দিচ্ছে।
কখনো আবার আকাশ কালো মেঘের চাদরে ঢেকে যায়। কখনো বাতাস আসে বেহুলার সুরে।
কখনো বিকেল হয়ে যায় রঙিন মিঠে চায়ের রঙে। কখনো আবার আকাশ নীল হয়ে চিলদের নাচ শুরু করে দেয়।
এ কেমন আবহাওয়া!
সেই তিনটি পাতার কথা মাঝে মাঝে মনে পড়ে যায়। ফিরে যাই দেখতে। যখন বই খুলে দেখি— কাগজের সাথে মাটির ঘ্রাণ মেশানো সেই পাতা! মনে হয় কোনো মূল্যবান হিরে।
আমি অবাক তাকিয়ে থাকি।
সারাবেলা বসে থেকে কেটে যায়। নেই কোনো তাড়াহুড়ো। নেই কাজের বিলাস।
কেউ যদি আমায় নিয়ে যেত! আগের মতো মাটি দিয়ে সংসার সাজাতাম। সেই ছোট ছোট খেলনা বানিয়ে কতই না মজা লাগতো!
এভাবেই বছরের নয়টি মাস কেটে গেল। সময় ফিকে হয়ে আসছে।
লেখক আমি